হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম আবারও জানিয়েছেন, তাদের সংগঠন অস্ত্র ত্যাগ করবে না এবং যেকোনো পরিস্থিতিতে প্রতিরোধ অব্যাহত রাখবে।
সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হিজবুল্লাহ প্রধান বলেন, ত্যাগ বড়, কিন্তু তা মুক্তির মূল্য এবং সম্মানিত জীবনের অংশ, যা আমাদের মহান লেবাননি জনগণ বহন করছে। তাদের সম্মানজনক প্রতিরোধের মাধ্যমে দুইটি পথের মধ্যে একটি বেছে নেওয়া হয়েছে। মুক্তি ও গৌরব, অথবা দখল ও অপমান।
কাসেম বলেন, আমরা লেবানন ও তার জনগণের জন্য আমাদের প্রতিরক্ষামূলক প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। আমরা মার্চের আগের অবস্থায় ফিরে যাব না। আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব এবং এর মোকাবিলা করব।
তিনি আরও বলেন, শত্রু যতই হুমকি দিক না কেন, তারা পিছু হটবে না। আমরা পিছু হটব না, আমরা মাথা নত করব না, আমরা পরাজিত হব না।
হিজবুল্লাহ প্রধান দাবি করেন, তাদের সক্ষমতা অসীম এবং ইসরায়েল লেবাননে থাকতে পারবে না। তিনি বলেন, আমাদের জনগণ তাদের ভূমিতে ফিরে যাবে, দখলকৃত ফিলিস্তিন সীমান্তের শেষ ইঞ্চি পর্যন্ত।
















