দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীত প্রতিষ্ঠান হাইবের প্রতিষ্ঠাতা এবং বিখ্যাত ব্যান্ড বিটিএস-এর স্রষ্টা ব্যাং সি-হিউক-কে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে পুলিশ।
দক্ষিণ কোরিয়ার পুলিশ অভিযোগ করেছে, ২০১৯ সালে তিনি বিনিয়োগকারীদের ভুল তথ্য দিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন যে তার প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু গোপনে সেই প্রস্তুতি চলছিল।
পরবর্তীতে হাইব ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তদন্তকারীদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাং প্রায় ২০০ বিলিয়ন ওন অবৈধভাবে লাভ করেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এই মামলাটি দীর্ঘদিন ধরে চলমান। এরই মধ্যে হাইবের কার্যালয়ে অভিযান চালানো হয়েছে এবং ব্যাংয়ের কিছু সম্পদ জব্দ করা হয়েছে। তদন্ত চলাকালে তাকে বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে।
বর্তমানে আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করতে প্রসিকিউটরদের অনুরোধ জানিয়েছে পুলিশ। দোষী প্রমাণিত হলে দক্ষিণ কোরিয়ার আইনে বড় অঙ্কের অবৈধ আয়ের ক্ষেত্রে পাঁচ বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে।
ব্যাং সি-হিউক দক্ষিণ কোরিয়ার সংগীত জগতে একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি ২০০৫ সালে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা পরবর্তীতে হাইব নামে পরিচিত হয়। তার নেতৃত্বেই বিটিএস বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
অভিযোগ রয়েছে, তিনি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে তাদের শেয়ার বিক্রি করতে উৎসাহিত করেন এবং পরে সংশ্লিষ্ট বিনিয়োগ তহবিলের মাধ্যমে লাভের একটি অংশ নিজের কাছে নেন।
হাইব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোনো ধরনের অনিয়ম করেনি এবং প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে প্রদান করা হয়েছিল। ব্যাংয়ের আইনজীবীরাও জানিয়েছেন, তারা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবেন এবং নিজেদের অবস্থান স্পষ্ট করবেন।
এই ঘটনার পর শেয়ারবাজারে হাইবের শেয়ারের দর কিছুটা কমে গেছে। দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে অনিয়ম দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, যার প্রেক্ষাপটে এই তদন্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
















