বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র, একই সঙ্গে দুই দেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেন, ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক বর্তমানে নতুন গুরুত্ব পাচ্ছে এবং এটি নিরাপত্তা, বাণিজ্য ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও অভিন্ন মূল্যবোধ উভয় দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করতে ভূমিকা রাখছে।
সম্প্রতি বাংলাদেশ সফরেও তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে মার্কিন ব্যবসার বাজার সম্প্রসারণ, অবৈধ অভিবাসন মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ।
এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয়েও আলোচনা হয়েছে।
এরই মধ্যে ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সরবরাহ ব্যবস্থার বিঘ্নসহ বিভিন্ন কারণে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয় তুলে ধরেন এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।
মার্কিন পক্ষ বাংলাদেশের এই চ্যালেঞ্জকে স্বীকার করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। তারা জানিয়েছে, বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
















