মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট হওয়ার আরও এক ধাপ এগিয়েছেন। পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটের মাধ্যমে তাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে, যা তাকে শিগগিরই বেসামরিক রাষ্ট্রপতির পদে বসার পথে এগিয়ে দিয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে মিন অং হ্লাইং ২৬০ ভোটের মধ্যে ২৪৭টি পেয়ে নির্বাচিত হন। নিম্নকক্ষের স্পিকার খিন ইয়ে ফলাফল ঘোষণা করেন।
পার্লামেন্টে তিনজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যাদের মধ্য থেকেই একজনকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হবে। এ অবস্থায় মিন অং হ্লাইংয়ের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা অনেকটাই স্পষ্ট বলে মনে করা হচ্ছে।
উচ্চকক্ষে কারেন অঙ্গরাজ্যের ইউএসডিপি দলের সদস্য নান নি নি আয়েকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী বর্তমান প্রধানমন্ত্রী নিয়ো সোকে তৃতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিয়েছে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর থেকেই মিন অং হ্লাইং দেশটি পরিচালনা করছেন। ওই সময় নির্বাচিত নেতা অং সান সু চিকে সরিয়ে দেওয়া হলে দেশে সংঘাত ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক নির্বাচনে সামরিক সমর্থিত দলগুলো বড় জয় পেয়েছে। ইউএসডিপি পার্লামেন্টের অধিকাংশ আসন দখল করেছে, যা সামরিক বাহিনীর প্রভাব আরও সুসংহত করেছে।
গণতন্ত্র পর্যবেক্ষকরা মনে করছেন, নতুন সরকার বাস্তবে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেই পরিচালিত হবে। ফলে বেসামরিক কাঠামোর আড়ালে সামরিক শাসন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
রাষ্ট্রপতির পদে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে মিন অং হ্লাইং ইতোমধ্যে সেনাপ্রধানের দায়িত্ব তার ঘনিষ্ঠ ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন।
বিশ্লেষকদের মতে, এটি একটি পরিকল্পিত ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া, যেখানে সামরিক বাহিনী নিজেদের প্রভাব বজায় রেখেই বেসামরিক ব্যবস্থার মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়।
















