প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তিনি জোর দিয়ে বলেন, অতীতের মতো কোনো জোরপূর্বক বা বেআইনি পদ্ধতি অনুসরণ করা হবে না।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দেশের সম্পদ ফিরিয়ে আনা তাদের দায়িত্ব। এই অর্থ জনগণের, তাই তা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।
প্রধানমন্ত্রী জানান, আগের সরকারের সময়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি ডেকে এনেছে। এই অর্থ উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের তালিকা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রস্তুত করছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি তালিকা তৈরি করছে না।
তারেক রহমান বলেন, অতীতে অনেক ক্ষেত্রে আইনি প্রক্রিয়া উপেক্ষা করে লোকজনকে আটক ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ছিল। বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসে আইনের শাসন নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সব কিছু আইনের ভিত্তিতেই পরিচালিত হতে হবে, যাতে কেউ বিচার থেকে বঞ্চিত না হয়।
সংসদের এ অধিবেশন সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
















