যুক্তরাষ্ট্রে একটি ফেডারেল কমিটি গালফ অব মেক্সিকোতে তেল ও গ্যাস উত্তোলনের ক্ষেত্রে বিপন্ন প্রাণী সুরক্ষা আইন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে, যা পরিবেশবাদীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।
‘গড স্কোয়াড’ নামে পরিচিত এই কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি অনুমোদন করে। এই কমিটির বিশেষ ক্ষমতা রয়েছে, যা প্রয়োজনে বিপন্ন প্রাণী সংরক্ষণ আইন অতিক্রম করতে পারে।
এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অনুরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, ইরান সংশ্লিষ্ট সাম্প্রতিক উত্তেজনা দেখিয়েছে যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব তেল উৎপাদন বাড়ানো জরুরি।
১৯৭৩ সালে প্রণীত বিপন্ন প্রাণী সংরক্ষণ আইনটি মূলত উন্নয়ন কার্যক্রমের কারণে প্রাণী ও উদ্ভিদের ক্ষতি ঠেকাতে তৈরি হয়েছিল। তবে জাতীয় নিরাপত্তা বা বিকল্প না থাকলে এই আইন থেকে ছাড় দেওয়ার ক্ষমতা এই কমিটির রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে গালফ অঞ্চলের অন্তত ২০টি বিপন্ন প্রজাতি ঝুঁকির মুখে পড়তে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাইস তিমি, যার সংখ্যা বর্তমানে মাত্র কয়েক ডজন বলে ধারণা করা হয়।
পরিবেশবাদীরা সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্তের ফলে রাইস তিমি সম্পূর্ণ বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে। তারা অভিযোগ করেছেন, জীববৈচিত্র্য রক্ষার চেয়ে জ্বালানি খাতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এর আগে জাতীয় সামুদ্রিক মৎস্য বিভাগ সতর্ক করেছিল যে গালফ অঞ্চলে তেল ও গ্যাস কার্যক্রম অব্যাহত থাকলে এই প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছিল, যা এখন আর কার্যকর থাকবে না।
অন্যদিকে জ্বালানি খাতের প্রতিনিধিরা দাবি করেছেন, পরিবেশ রক্ষা ও জ্বালানি উৎপাদনের মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব এবং তাদের শিল্প দীর্ঘদিন ধরেই দায়িত্বশীলভাবে কাজ করছে।
তবে পরিবেশবাদী সংগঠনগুলো ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে, যা আগামী দিনে বিষয়টিকে আরও জটিল করে তুলতে পারে।
















