‘জুরাসিক পার্ক’, ‘দ্য পিয়ানো’ ও ‘পিকি ব্লাইন্ডার্স’-এ অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত নিউজিল্যান্ডের কিংবদন্তি অভিনেতা স্যাম নিল ৭৮ বছর বয়সে মারা গেছেন। সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছে, তার মৃত্যু ছিল “হঠাৎ ও অপ্রত্যাশিত”।
২০২৩ সালে স্যাম নিল জানান, তিনি বিরল ধরনের নন-হজকিন লিম্ফোমা—অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমায় আক্রান্ত হয়েছিলেন। তবে পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর সময় তিনি ক্যানসারমুক্ত ছিলেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
অভিনয়জীবনে স্যাম নিল শিল্পধর্মী সিনেমা থেকে শুরু করে হলিউডের বড় বাজেটের চলচ্চিত্রে সমান সাফল্য অর্জন করেন। ‘জুরাসিক পার্ক’-এ ড. অ্যালান গ্রান্ট চরিত্রে তার অভিনয় বিশ্বব্যাপী তাকে জনপ্রিয়তা এনে দেয়। এছাড়া ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ওমেন থ্রি: দ্য ফাইনাল কনফ্লিক্ট’ এবং টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এও তিনি স্মরণীয় অভিনয় করেন।
অভিনয়ের বাইরে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে নিজের আঙুরক্ষেত ও ওয়াইনারি পরিচালনা করতেন তিনি।
স্যাম নিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। তিনি বলেন, নিল পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের গল্প ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন এবং দেশের চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, অসুস্থতার সঙ্গে লড়াইয়েও স্যাম নিল মর্যাদা, রসবোধ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। তার অভিনয় ও ব্যক্তিত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
















