বিমান সক্ষমতা বাড়াতে UH-60L সিরিজ যুক্ত করার উদ্যোগ
বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিমান বহর আধুনিকীকরণে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে চারটি UH-60L Black Hawk হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত ক্রয় প্রক্রিয়ার টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে।
সেনাবাহিনীর ক্রয় কার্যক্রম তদারককারী সংস্থা ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স পারচেজ (DGDP) সম্প্রতি এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। নোটিশে জানানো হয়, হেলিকপ্টার ক্রয়ের ক্ষেত্রে আগের DP-5 প্রশিক্ষণ শর্তের পরিবর্তে নতুন তিন পৃষ্ঠার হালনাগাদ প্রশিক্ষণ নীতিমালা কার্যকর হবে।
এই হেলিকপ্টারগুলো পরিচালনার দায়িত্ব থাকবে বাংলাদেশ আর্মি এভিয়েশন ডিরেক্টরেট-এর ওপর। একই সঙ্গে হেলিকপ্টারগুলোর কারিগরি মান ও সক্ষমতা যাচাই করবে ইনস্পেক্টরেট অব ভেহিকল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট (IV&EE)।
ডিজিডিপির মহাপরিচালকের পক্ষে মেজর মোহাম্মদ জাহিদুল কবীর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, টেন্ডারের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। কেবল প্রশিক্ষণ সংক্রান্ত বিধানগুলো নতুন করে সংযোজন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রশিক্ষণ কাঠামো ও উন্নত হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে সেনাবাহিনীর আকাশভিত্তিক অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী হবে। বিশেষ করে জরুরি উদ্ধার, পরিবহন, নজরদারি ও সামরিক অভিযানে এই হেলিকপ্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
















