পাঁচ দিনের সরকারি সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে তিনি তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশটির শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সেনাপ্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব দ্য জেনারেল স্টাফ, স্থলবাহিনীর কমান্ডার, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএসবি) প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষাশিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে উৎপাদনব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন, আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া তুরস্কের স্থলবাহিনীর সদর দপ্তরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আইএসপিআর আশা প্রকাশ করেছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
















