রাজবাড়ীর পাংশায় মারামারির ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ দৈনিক কালের কণ্ঠ–এর রাজবাড়ী জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার এবং অনলাইন পোর্টাল এনপিবির জেলা প্রতিনিধি।
প্রতিবেদন অনুযায়ী, অটোরিকশাচালকদের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সময় সাংবাদিক আকাশ মাহমুদ মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। তাঁর অভিযোগ, এ সময় হামলাকারীরা তাঁকে মারধর করেন, মোবাইল ফোন থেকে ভিডিও মুছে দেন এবং পুনরায় আক্রমণ করেন। এ ঘটনায় কলেজশিক্ষার্থী সাগর শিকদারসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ভাড়া নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে অটোরিকশাচালকের বাগ্বিতণ্ডার জেরে শিক্ষার্থী ও চালকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক অটোরিকশাচালককে আটক করা হলেও এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
















