আর্জেন্টিনাকে কাঁদিয়ে ইতিহাস গড়েছে মরক্কো অনূর্ধ্ব–২০ দল। ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে আফ্রিকার দেশটি।
চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোর হয়ে দুই গোলই করেছেন ইয়াসির জাবিরি, যিনি নিজেকে লিওনেল মেসির অন্ধভক্ত বলে পরিচয় দেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে জাবিরিকে যখন জিজ্ঞেস করা হয়—মেসি না রোনালদো? মেসি না ম্যারাডোনা? মেসি না হাকিমি?—প্রতিবারই তার উত্তর ছিল একটিই, “মেসি।”
ফাইনালে ঠিক সেই মেসিভক্ত জাবিরির জোড়া গোলেই হারতে হলো আর্জেন্টিনাকে। ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল মরক্কো। যদিও বলের দখলে আর্জেন্টিনা ছিল এগিয়ে—পুরো ম্যাচে ৭৬ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে, আর শট নিয়েছিল ২০টি, তবুও গোলের দেখা মেলেনি।
মরক্কো সুযোগ পেলেই তা কাজে লাগিয়েছে। প্রথমার্ধে দুই গোলের লিড নেয় তারা। ম্যাচের ১২ মিনিটে ফ্রি-কিক থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন পর্তুগিজ ক্লাব ফামালিকাউয়ের ফরোয়ার্ড জাবিরি। এর আগে আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বারবি তাঁকে বক্সের বাইরে ফাউল করলে ফ্রি-কিক পায় মরক্কো।
২৯ মিনিটে জাবিরির দ্বিতীয় গোল আসে ওথমান মাম্মার দারুণ ক্রস থেকে। ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডের এই উইঙ্গার আর্জেন্টিনার রক্ষণের ফাঁক গলে ডানদিক থেকে ক্রস বাড়ান, যা নিখুঁতভাবে জালে পাঠান জাবিরি। গোলের পর আনন্দে ভেসে না গিয়ে সিজদায় লুটিয়ে পড়েন এই তরুণ তারকা।
দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু মরক্কোর জমাট রক্ষণে সব প্রচেষ্টা ব্যর্থ হয়। রেফারির শেষ বাঁশি বাজতেই আর্জেন্টাইন খেলোয়াড়দের চোখে জল, আর মরক্কানদের উল্লাসে মাঠ ভরে যায়।
বয়সভিত্তিক এই বিশ্ব আসরে এটি মরক্কোর প্রথম শিরোপা জয়। ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মরক্কোর অধিনায়ক হোসাম ইসাদাকের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন, আর সেই মুহূর্তে মরক্কোর খেলোয়াড় ও সমর্থকদের আনন্দে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।
















