আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনে ৯০ হাজার থেকে এক লাখ সেনা সদস্য এবং দেড় লাখ পুলিশ দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্যও মাঠে থাকবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত প্রাক-প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা ছিল। তবে আজকের বৈঠকে আট দিন রাখার প্রস্তাব এসেছে। বিষয়টি এখন পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”
ইসি সূত্র জানায়, কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হলে সচিব বলেন, “সভায় আগুন লাগার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।”
লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি বিষয়ে তিনি জানান, “লুট হওয়া অস্ত্রের প্রায় ৮৫ শতাংশ উদ্ধার করা গেছে। বাকিগুলোর উদ্ধার কার্যক্রম এখনও চলছে।”
















