ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটবিশ্বে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে এবার মতামত জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ডি ভিলিয়ার্স বলেন, বাংলাদেশের বিশ্বকাপ না খেলতে পারা ক্রিকেটের জন্য হতাশাজনক। তবে তিনি এ ইস্যুতে বাংলাদেশ কিংবা নিয়ন্ত্রক সংস্থার কোনো পক্ষ নেননি।
ডি ভিলিয়ার্স বলেন, এটি একটি রাজনৈতিক বিষয় এবং সংশ্লিষ্টদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে তার কাছে পর্যাপ্ত তথ্য নেই বলেও উল্লেখ করেন তিনি। তবুও পুরো পরিস্থিতিকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়টি ক্রিকেটের জন্য ভালো কিছু নয়।
তিনি আরও বলেন, ক্রিকেটে রাজনীতির প্রভাব পড়লে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, যা তিনি পছন্দ করেন না। যারা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে আছেন, তাদেরই এসব সমস্যা সমাধান করা উচিত বলে মন্তব্য করেন এই সাবেক অধিনায়ক।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবি জানালেও তা মানেনি নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তীতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
















