আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তে ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ভারতের মাঠে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
শনিবার এক বিবৃতিতে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে রাজি না হওয়ায় গ্রুপ ‘সি’ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড।
আইসিসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। তবে ভারতের ভেতরে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই বলে বিভিন্ন মূল্যায়নে উঠে আসায় এই দাবি গ্রহণযোগ্য মনে করেনি আইসিসি।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী বাংলাদেশের সব গ্রুপ ম্যাচই ছিল ভারতের ভেন্যুতে। উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল টাইগারদের। একই মাঠে আরও দুটি ম্যাচের পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবার কথা ছিল।
গত ৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে হঠাৎ করে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে নেওয়ার ঘটনাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হয়।
আইসিসি জানায়, বিষয়টি নিয়ে তিন সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। ভিডিও বৈঠক ও সরাসরি বৈঠকের পাশাপাশি স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞদের দিয়ে মূল্যায়ন করানো হয়। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাসহ বাড়তি নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তথ্যও বাংলাদেশ পক্ষকে জানানো হয়েছিল।
সব দিক বিবেচনায় নিয়ে আইসিসি মনে করেছে, টুর্নামেন্টের সূচি পরিবর্তন করা যুক্তিসংগত নয়। একই সঙ্গে প্রতিযোগিতার নিরপেক্ষতা ও সূচির পবিত্রতা রক্ষা এবং ভবিষ্যতে দৃষ্টান্ত স্থাপন এড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্তের আগে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান পুনর্বিবেচনার সুযোগ দেয় এবং সরকারের সঙ্গে আলোচনা করে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে বলে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় নিয়ম অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। যোগ্যতা তালিকায় স্কটল্যান্ডই ছিল সর্বোচ্চ অবস্থানে থাকা দল, যারা আগে বিশ্বকাপের টিকিট পায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা বিশ্বকাপ খেলতে চান, তবে ভারতে খেলবেন না। লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। তাঁর দাবি, বাংলাদেশ বাদ পড়লে বিশ্বকাপে দর্শকসংখ্যার দিক থেকে আইসিসিই বড় ক্ষতির মুখে পড়বে।
















