নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের জয়ের সম্ভাবনা নেই—ভারতের সাবেক হাইকমিশনারের মন্তব্য
বাংলাদেশে যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না—এমন মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী কেবল নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হলে তবেই ক্ষমতায় আসতে পারে। অন্যথায় তাদের পক্ষে নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’-এ কখনোই জিততে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। অতীতে দলটি পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি বলেও তিনি দাবি করেন।
শ্রিংলা বলেন, জামায়াতের উল্লেখযোগ্য জনসমর্থন নেই। কেউ যদি তাদের ক্ষমতায় আনতে চায়, তাহলে তা কেবল নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমেই সম্ভব। সুষ্ঠু নির্বাচনে তাদের জয় অসম্ভব।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ভারতের পক্ষ থেকে দেওয়া অবস্থান স্পষ্ট—বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। তবে বাস্তবে সে ধরনের পরিস্থিতি তিনি এখনো দেখতে পাচ্ছেন না।
তার ভাষায়, নির্বাচন আদৌ হবে কি না, সেটিও অনিশ্চিত। এমনকি নির্বাচন হলেও তা কোন পরিবেশে অনুষ্ঠিত হবে, সে বিষয়েও প্রশ্ন রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগের কথা জানান তিনি।
হর্ষবর্ধন শ্রিংলার এই মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
















