নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আসন্ন বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছে বাংলাদেশ। এ অবস্থানে অনড় থেকে বিসিবি আইসিসির সঙ্গে একাধিক দফা আলোচনা করলেও সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বিসিবি সভাপতিকে সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিনের সময় দিয়েছে আইসিসি। এদিকে বিসিবি সভাপতি জানিয়েছেন, তিনি এখনো কোনো ‘অলৌকিক’ সমাধানের আশায় আছেন।
এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার দুপুর তিনটায় রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এই বৈঠকে উপস্থিত থাকবেন।
জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন বাস্তবতায় নেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের অবস্থান ক্রিকেটারদের সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে ভবিষ্যৎ করণীয় নিয়েও তাদের সঙ্গে আলোচনা করা হবে।
উগ্রবাদীদের হুমকির প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এরপর অনলাইন ও সরাসরি বৈঠকে বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে দুই দফা আলোচনা হলেও শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে অনড় থাকে বিসিবি।
আজ নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে আইসিসির বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ভারতের ভেতরে বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক বা সংশ্লিষ্ট কারও জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই বলে তারা মনে করে। মোস্তাফিজুর রহমানের ঘটনাকেও তারা বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছে।
এ কারণে বিশ্বকাপের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না বলেও জানিয়ে দেয় আইসিসি। পরে বিসিবি সভাপতি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে সরকারের সঙ্গে আলোচনার জন্য তিনি এক দিনের সময় চেয়েছেন। আজই এ বিষয়ে শেষ সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
















