ডার্ক ওয়েবে উন্মুক্ত ডেটাসেট; পরিচয় চুরির ঝুঁকিতে বিপুল সংখ্যক গ্রাহক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের প্রায় ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা ম্যালওয়্যারবাইটস।
সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, ‘সলোনিক’ ছদ্মনামের এক হ্যাকার গত সপ্তাহে একটি ডার্ক ওয়েব ফোরামে ১ কোটি ৭৫ লাখ ডেটা বিনা মূল্যে উন্মুক্ত করে দেন। ফাঁস হওয়া এই তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, পূর্ণ নাম, ই-মেইল ঠিকানা, ফোন নম্বর এবং আংশিক প্রকৃত ঠিকানাও রয়েছে। যদিও এই তালিকায় কোনো পাসওয়ার্ড নেই, তবে সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই তথ্যগুলো ব্যবহার করে পরিচয় চুরি, ফিশিং এবং আর্থিক জালিয়াতি করা সম্ভব। তথ্য ফাঁসের পর থেকেই বিশ্বের অনেক ব্যবহারকারী তাদের ই-মেইলে অসংখ্য ‘পাসওয়ার্ড রিসেট’ অনুরোধ পাওয়ার অভিযোগ করছেন, যা অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টার ইঙ্গিত দেয়।
ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা অবশ্য তাদের কেন্দ্রীয় সিস্টেমে কোনো হ্যাকিং বা নিরাপত্তা ভাঙার দাবি সরাসরি অস্বীকার করেছে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের কাছে পাসওয়ার্ড রিসেট ই-মেইল যাওয়ার ঘটনাটি একটি যান্ত্রিক ত্রুটি বা কারিগরি সমস্যার কারণে ঘটেছে এবং অ্যাকাউন্টগুলো বর্তমানে সুরক্ষিত আছে। তবে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু রাখা এবং সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই বৃহৎ আকারের ডেটা ফাঁসের ঘটনায় প্ল্যাটফর্মটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
















