সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে বল হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। গতকাল রাতে আবুধাবিতে আবুধাবি নাইট রাইডার্স–এর বিপক্ষে ম্যাচে তিনি নেন দুটি উইকেট। সর্বশেষ তিন ম্যাচে তাঁর শিকার সাত উইকেট, আর পুরো টুর্নামেন্টে পাঁচ ম্যাচে মোট উইকেট সংখ্যা দাঁড়াল আট।
তাসকিনের দুই উইকেটের ম্যাচে তাঁর দল শারজা ওয়ারিয়ার্স চার উইকেটের রোমাঞ্চকর জয় পায়। নাইট রাইডার্সের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য শারজা তাড়া করে জিতে নেয় ইনিংসের শেষ বলে।
শেষ ওভারে জয়ের জন্য শারজার প্রয়োজন ছিল ১২ রান। ক্রিজে থাকা ইংলিশ ব্যাটসম্যান জেমস রিউ ও আদিল রশিদ আন্দ্রে রাসেলের করা ওভারে সেই সমীকরণ মেলান। আট ম্যাচে এটি শারজার তৃতীয় জয়।
তবে ব্যক্তিগতভাবে তাসকিনের দিনটি পুরোপুরি মসৃণ ছিল না। চার ওভারে তিনি রান দেন ৪১। যদিও শুরুটা ছিল চমৎকার। ইনিংসের প্রথম ওভারেই তিনি আউট করেন ইংলিশ ওপেনার ফিল সল্টকে। নিজের পরের ওভারেই ফেরান আরেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে।
পাওয়ারপ্লের মধ্যেই শারজা অধিনায়ক সিকান্দার রাজা তাসকিনকে তিন ওভার করান। এই তিন ওভারে তিনি মাত্র ১৬ রান দিয়ে নেন দুটি উইকেট।
তবে ম্যাচের ১৯তম ওভারে এসে তাসকিনের ওপর ঝড় বয়ে যায়। কোটার শেষ ওভারে তিনি দেন ২৫ রান। ওই ওভারে আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার মিলিয়ে চারটি ছক্কা হাঁকান, যার কারণেই তাঁর বোলিং পরিসংখ্যান কিছুটা খরুচে দেখায়।
এই ম্যাচে শারজার হয়ে সেরা বোলার ছিলেন স্পিনার আদিল রশিদ। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনি নেন তিন উইকেট এবং ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন।
















