বিপুল জনসমাগমেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় ছিল: ডিএমপি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি–এর জানাজা ও দাফন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, শনিবার ধর্মীয় আচার ও আবেগঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণকালের অন্যতম বৃহত্তম এই জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল, যা শহীদ ওসমান হাদির প্রতি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ। এত বড় জনসমাগম সত্ত্বেও পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াকে ডিএমপি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছে।
ডিএমপি জানায়, জানাজা ও দাফনকে কেন্দ্র করে প্রায় ১,০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এর ফলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুরো আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
এ কার্যক্রমে প্রত্যক্ষভাবে সহযোগিতার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঐতিহাসিক জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
















