ইরান ঘোষণা করেছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ড্র-এ তারা অংশ নেবে না। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের প্রতিনিধি দলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় ইরানের ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে ফেডারেশনের মুখপাত্র জানান, সিদ্ধান্তটি সম্পূর্ণ অখেলোয়াড়সুলভ। তিনি বলেন, আমরা ফিফাকে জানিয়ে দিয়েছি—এই আচরণ খেলাধুলার নীতি বহির্ভূত, আর সে কারণে আমাদের প্রতিনিধি দল ড্র-এ অংশ নেবে না।
মঙ্গলবার ইরানি ক্রীড়া ওয়েবসাইট ভারজেশ ৩ জানিয়েছিল, প্রতিনিধি দলের কয়েকজন সদস্য, এর মধ্যে ফেডারেশনের প্রধান মহদি তাজও রয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার তাজ বিষয়টিকে খোলাখুলিভাবে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দেন। তিনি জানান, আমরা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে বলেছি—এটি নিখাদ রাজনৈতিক আচরণ, এবং ফিফাকে যুক্তরাষ্ট্রকে এমন আচরণ বন্ধের নির্দেশ দিতে হবে।
তবে প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধি দলের চার সদস্য, যার মধ্যে আছেন দলের প্রধান কোচ আমির গালেনোয়ি, তারা ড্র অনুষ্ঠানের জন্য ভিসা পেয়েছেন।
ইরান এ বছরের মার্চে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করে, যা তাদের চতুর্থবারের মতো টানা এবং মোট সপ্তমবারের যোগ্যতা অর্জন। তবু তারা কখনো নকআউট পর্বে পৌঁছাতে পারেনি। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারানোর সেই উচ্ছ্বাস এখনো ইরানি সমর্থকদের স্মৃতিতে অমলিন, যদিও ২০২২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সেই পরাজয়ের প্রতিশোধ নেয় ১-০ গোলে জিতে।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে ২০২৬ বিশ্বকাপ। আর চার দশকেরও বেশি সময় ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈরিতা অব্যাহত থাকলেও, এ বছরের এপ্রিল থেকে তারা উচ্চপর্যায়ের পরমাণু আলোচনায় যুক্ত ছিল। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে মতপার্থক্যে আলোচনা তীক্ষ্ণ হয়ে ওঠে।
এ আলোচনাও ভেঙে যায় জুনের মাঝামাঝি, যখন ইসরায়েল ইরানে নজিরবিহীন বিমান হামলা চালায়। সেই আঘাতের পর ১২ দিনের যুদ্ধ শুরু হয়, যা যুক্তরাষ্ট্রও স্বল্প সময়ের জন্যে যুক্ত হয় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে।
ভিসা প্রত্যাখ্যানের এই টানাপোড়েন, রাজনৈতিক উত্তাপ আর কূটনৈতিক দূরত্ব—সব মিলিয়ে ইরানের সিদ্ধান্ত যেন ফুটবল মাঠ ছাপিয়ে এক বৃহত্তর অস্থিরতার নিঃশব্দ কবিতা হয়ে দাঁড়িয়েছে।
















