তীব্র বিমান হামলায় বাড়ছে প্রাণহানি, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা প্রশ্নের মুখে
লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলের বিমান হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। একদিন আগে প্রায় দুই শতাধিক মানুষের মৃত্যুর পর এই হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং যুক্তরাষ্ট্র-ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আব্বাসিয়েহ শহরে এক হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া কাফরা, জামাইমেহ, সাফাদ আল-বাত্তিখ, মাজদাল সেলম ও দেইর আনতারসহ বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালানো হয়েছে। কামসিয়েহ সেতুর কাছাকাছি এলাকাগুলোও হামলার আওতায় আসে। গোলাবর্ষণে হারিস শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, বুধবারের হামলায় তাদের চারজন সদস্যও নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বৈরুতে রাতের হামলায় হিজবুল্লাহ নেতা নাইম কাসেমের ঘনিষ্ঠ সহযোগী আলী ইউসুফ হারশিকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে হিজবুল্লাহ এখনো কোনো মন্তব্য করেনি। ইসরায়েল আরও জানিয়েছে, লিতানি নদীর সেতু ও হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ক্রমবর্ধমান এই হামলার মাত্রা ও তীব্রতা ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধবিরতির মধ্যেও বড় পরিসরে সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখেই ইসরায়েল হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা।
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে চারটি হামলা চালিয়েছে।
এরই মধ্যে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের হামলায় ২০৩ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী সরকারি দপ্তর বন্ধ ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্র বলেছে, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়, যা সমঝোতা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।
অন্যদিকে, ইরান বলছে, লেবাননে হামলা চলতে থাকলে আলোচনার পরিবেশ নষ্ট হবে। তারা সতর্ক করে জানিয়েছে, এই পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক হয়ে উঠতে পারে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ফ্রান্সও তীব্র নিন্দা জানিয়েছে, বলেছে এই হামলা যুদ্ধবিরতির ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১,৭৩৯ জন নিহত এবং ৫,৮৭৩ জন আহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, চলমান এই হামলা বন্ধ না হলে পুরো অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
















