চাঁদকে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফেরার পথে রয়েছে আর্টেমিস অভিযানের নভোচারী দল। তারা জানিয়েছেন, এই অভিযানে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য, ছবি ও অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তারা।
অভিযান শেষে ওরিয়ন মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর উপকূলে অবতরণ করার কথা রয়েছে। এটি মানুষের চাঁদের কক্ষপথে ফিরে যাওয়ার এক ঐতিহাসিক মিশন হিসেবে বিবেচিত হচ্ছে।
নভোচারীরা জানিয়েছেন, তারা এমন অনেক তথ্য ও দৃশ্য ধারণ করেছেন যা এখনো প্রকাশ করা হয়নি। পৃথিবীতে ফিরে সেগুলো বিশ্লেষণ ও শেয়ার করা হবে।
এই অভিযানে তারা চাঁদের সেই অংশ ঘুরে দেখেছেন, যা পৃথিবী থেকে কখনো দেখা যায় না। সেই অদৃশ্য অংশের বিশাল গহ্বর ও লাভা সমভূমি সরাসরি দেখার অভিজ্ঞতা ছিল তাদের জন্য অনন্য।
মিশনের সময় তারা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছেন, যা বহু দশক আগে স্থাপিত একটি রেকর্ড ভেঙেছে।
নভোচারীরা জানিয়েছেন, এই যাত্রা তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে। মহাকাশে থাকা অবস্থায় তারা বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তও উপভোগ করেছেন।
বিশেষ করে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার সময় তারা কিছু সময় একসঙ্গে কাটিয়ে নিজেদের অবস্থান ও অভিজ্ঞতা নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন।
তাদের মতে, মহাকাশ অভিযানে কিছু ঝুঁকি ও কষ্ট থাকলেও নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্য এসব ত্যাগ সার্থক।
এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়ের তীব্র তাপ ও গতিকে সামাল দিয়ে নিরাপদে অবতরণ করা। সফলভাবে ফিরতে পারলে এই মিশন ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।
















