স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাদ্যের গুরুত্ব সর্বজনস্বীকৃত। তবে জীবনের বিভিন্ন ধাপে শরীরের চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে কিছু খাবারের গুরুত্বও পরিবর্তিত হয়। যে খাবার শিশুকালে অত্যন্ত প্রয়োজনীয়, তা আবার তরুণ বা মধ্য বয়সে একইভাবে উপকারী নাও হতে পারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যে খাদ্য রেশনিং চালু ছিল। তখন চিনির ব্যবহার সীমিত করা হয় এবং দুই বছরের কম বয়সী শিশুদের জন্য চিনি বরাদ্দই ছিল না। পরে রেশনিং উঠে গেলে প্রাপ্তবয়স্কদের চিনি গ্রহণ হঠাৎ বেড়ে যায়। বহু বছর পর গবেষকেরা সেই সময়ের তথ্য বিশ্লেষণ করে দেখেন, জীবনের শুরুতে কম চিনি গ্রহণ করা ব্যক্তিদের হৃদ্রোগ, স্ট্রোক ও হৃদ্যন্ত্রের জটিলতার ঝুঁকি পরবর্তী জীবনে তুলনামূলকভাবে কম।
গবেষণা বলছে, অতিরিক্ত মিষ্টি ও চিনি যেকোনো বয়সেই ক্ষতিকর। তবে কিছু খাবারের উপকারিতা বয়সভেদে ভিন্ন হয়। যেমন, শিশুকালে দুধ ও দুগ্ধজাত চর্বি শরীর ও মস্তিষ্ক গঠনে জরুরি হলেও তরুণ বয়সে অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য স্বাস্থ্যকর নয়।
শৈশব ও কৈশোর
শিশুকালে শরীর দ্রুত বৃদ্ধি পায়। এই সময়ে পর্যাপ্ত শক্তি, প্রোটিন, আয়রন, আয়োডিন ও নানা ধরনের ভিটামিন প্রয়োজন হয়। ফলমূল, শাকসবজি, পূর্ণ শস্য, ডাল, বাদাম ও বীজজাত খাবার এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়ের গঠন ও ভবিষ্যতে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, যারা শৈশবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলে, তাদের হৃদ্স্বাস্থ্যের ঝুঁকি পরবর্তী জীবনে কম থাকে।
কৈশোর ও বিশের দশক
এই বয়সে হাড় ও পেশির গঠন সম্পূর্ণ হয় এবং পড়াশোনা, কাজ ও সামাজিক জীবনের চাপ বাড়ে। ফলে প্রোটিন, আয়রন, বি ভিটামিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর চাহিদা বেশি থাকে। উদ্ভিদভিত্তিক খাবার, পর্যাপ্ত প্রোটিন এবং অতিপ্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এই সময়ে গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, ফলমূল ও শাকসবজি সমৃদ্ধ খাদ্যাভ্যাস মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী।
এই বয়সে ভূমধ্যসাগরীয় ধাঁচের খাদ্যাভ্যাস প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রেও সহায়ক হতে পারে। বিপরীতে অতিরিক্ত চর্বি ও পরিশোধিত শর্করা সমৃদ্ধ খাদ্য বন্ধ্যত্বের ঝুঁকি বাড়াতে পারে।
মধ্য বয়স
মধ্য বয়সে এসে ভবিষ্যৎ স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাদ্যাভ্যাস ঠিক করা জরুরি। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজের সময় হাড়ের ঘনত্ব কমা, পেশি ক্ষয় এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়ে। এই সময় হৃদ্স্বাস্থ্য এবং হাড় ও পেশি সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলমূল, শাকসবজি, পূর্ণ শস্য, বাদাম, ডাল ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাদ্য দীর্ঘমেয়াদে ভালো বার্ধক্যে সহায়তা করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদ্রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং পর্যাপ্ত প্রোটিন পেশি ক্ষয় রোধে ভূমিকা রাখে।
বার্ধক্য
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তির চাহিদা কমে, কিন্তু পুষ্টির প্রয়োজন থেকে যায়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এদের ঘাটতিতে হাড় দুর্বল হয়ে ভাঙার ঝুঁকি বাড়ে। পাশাপাশি পর্যাপ্ত প্রোটিন গ্রহণ পেশি ক্ষয় রোধে সহায়ক।
বয়স্কদের অন্ত্রের জীবাণুর ভারসাম্যও বদলায়, যা আলঝেইমার, স্ট্রোক ও হৃদ্রোগের ঝুঁকির সঙ্গে যুক্ত হতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘজীবী হন তাদের অন্ত্রের জীবাণু বৈচিত্র্য তুলনামূলকভাবে ভালো থাকে। আঁশ ও উদ্ভিজ্জ পুষ্টি সমৃদ্ধ খাদ্য এই ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, বয়স যাই হোক না কেন, বৈচিত্র্যময় উদ্ভিদভিত্তিক খাদ্য, পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি ও স্বাস্থ্যকর চর্বি গ্রহণই দীর্ঘমেয়াদি সুস্থতার মূল চাবিকাঠি।
















