কিলিয়ান এমবাপের দুটি গোলের সুবাদে কোপা দেল রের শেষ ৩২-এর ম্যাচে তৃতীয় বিভাগের দল তালাভেরার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার স্পেনের তালাভেরা দে লা রেইনার এল প্রাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৪১তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন এমবাপে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তালাভেরার ডিফেন্ডার মানুয়েল ফারান্দোর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে, নির্ধারিত সময়ের দুই মিনিট আগে বক্সের বাইরে থেকে নেওয়া শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় ম্যাচে এটি এমবাপের দশম গোল।
তবে শেষ দিকে ম্যাচে উত্তেজনা বাড়িয়ে তোলে তালাভেরা। ৮০তম মিনিটে নাহুয়েল অ্যারোইও একটি গোল শোধ দেন। এরপর যোগ করা সময়ে গনসালো দি রেনজো আরও একটি গোল করলে ব্যবধান নেমে আসে এক গোলে। শেষ মুহূর্তে রিয়াল গোলরক্ষক আন্দ্রেই লুনিনের একটি গুরুত্বপূর্ণ সেভ দলকে অঘটনের হাত থেকে রক্ষা করে।
রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, এমবাপে ছিলেন ম্যাচের নির্ধারক। তার গোল করার বিশেষ ক্ষমতা আছে। তৃতীয় গোলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, সে কারণেই তাকে মাঠে রাখা হয়েছিল এবং সে শুরু থেকেই খেলেছে।
তিনি আরও বলেন, প্রথমার্ধে দল ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল এবং এগিয়েও যায়। তবে ৩-০ করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচটি খোলা থাকে। দ্বিতীয়ার্ধে তালাভেরা লড়াইয়ে ফেরে, আমরা আগেই তৃতীয় গোলের চেষ্টা করেছি, সুযোগও পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত শেষদিকে গিয়ে সেটি এসেছে। লক্ষ্য পূরণ হয়েছে, এখন সামনে পরের ম্যাচ।
কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামলেও ম্যাচের বড় অংশে নিয়ন্ত্রণে ছিল রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে কোপা দেল রের পরবর্তী রাউন্ডে উঠে গেল স্প্যানিশ জায়ান্টরা। শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৫ সাল শেষ করবে রিয়াল মাদ্রিদ।
















