রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দ্বিমত, নির্মাণশৈলীর প্রশংসায় অকপট বলিউড তারকা
আদিত্য ধর পরিচালিত আলোচিত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপত্তি জানালেও এর নির্মাণশৈলীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার দীর্ঘ পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। বক্স-অফিসে ব্যাপক সাফল্য পাওয়া ছবিটির রাজনৈতিক উপস্থাপন নিয়ে নিজের দ্বিমত প্রকাশ করায় নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে তার মন্তব্য।
হৃতিক তার পোস্টে ছবিটির নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন, সিনেমাকে তিনি ভালোবাসেন এবং এমন নির্মাতাদের সম্মান করেন, যারা গল্পকে সম্পূর্ণ স্বাধীনভাবে বলার সুযোগ দেন। তার মতে, ‘ধুরন্ধর’ ঠিক তেমনই একটি ছবি, যেখানে গল্প বলার ধরন সত্যিই অসাধারণ।
তবে ছবিতে উপস্থাপিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তিনি একমত নন বলে স্পষ্ট করেন হৃতিক। তিনি উল্লেখ করেন, একজন চিত্রনির্মাতা হিসেবে বিশ্বজুড়ে দর্শকদের প্রতি কিছু নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থাকে, সেই জায়গা থেকে ছবিটির রাজনীতি নিয়ে তার আপত্তি রয়েছে এবং এ বিষয়ে বিতর্কের সুযোগও আছে।
একই সঙ্গে তিনি বলেন, সিনেমার ছাত্র হিসেবে এই ছবি থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে। তার ভাষায়, রাজনৈতিক দ্বিমত থাকলেও নির্মাণের দিক থেকে ছবিটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
হৃতিকের এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তাকে সাহসী বলে আখ্যা দিলেও, আবার কেউ কেউ মনে করছেন—এই বক্তব্যের মাধ্যমে তিনি দর্শকদের একটি বড় অংশের কাছে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
সব মিলিয়ে ‘ধুরন্ধর’ ঘিরে চলমান বিতর্কে হৃতিক রোশানের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।
















