অসুস্থ আত্মীয়কে প্লাজমা দিতে ছুটে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত— গজারিয়ার মানবিক তরুণকে কান্নায় বিদায় দিল স্বজনরা
মুন্সীগঞ্জের গজারিয়ার বিমান বাহিনীর সদস্য মো. মাসুম বিল্লাহ অসুস্থ আত্মীয়কে প্লাজমা দিতে ঢাকায় রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তার মরদেহ এলাকায় পৌঁছালে নেমে আসে শোকের ছায়া।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের সন্তান বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মো. মাসুম বিল্লাহর (৩২) মৃত্যু এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। অসুস্থ এক আত্মীয়কে প্লাজমা দিতে দ্রুত ঢাকায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। মানবিকতার টানে নিজের কর্মস্থল থেকে রাতে মোটরসাইকেলযোগে রওনা হওয়া এই তরুণের সেই যাত্রা শেষ পর্যন্ত মৃত্যুতে রূপ নেয়।
গুয়াগাছিয়া গ্রামের মৃত এসকান্দর মিয়ার ছেলে মাসুম বিল্লাহ ছিলেন পরিবারের প্রিয় সদস্য। বাবাহীন পরিবারে তিন ভাই ও চার বোনের সবার আদরের মানুষ ছিলেন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতা শেষে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। একই দিন বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক শিশু পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অন্যের জীবন বাঁচাতে গিয়ে এক আত্মত্যাগী তরুণের এমন করুণ মৃত্যুতে সহকর্মী থেকে এলাকাবাসী— সর্বত্র বইছে গভীর শোক।
















