শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন আর শুধু নয়া দিল্লি নয়— এখন থেকে কুয়ালালামপুর, হ্যানয় ও ব্যাংককেও জমা দেওয়া যাবে
বাংলাদেশিদের জন্য রোমানিয়া ভিসা আবেদনে বড় সুবিধা— শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন আর শুধু নয়া দিল্লিতে নয়, এখন কুয়ালালামপুর, হ্যানয় ও ব্যাংককে রোমানিয়ার মিশনেও জমা দেওয়া যাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সুবিধা যোগ হয়েছে। নয়া দিল্লিস্থ রোমানিয়া দূতাবাস এতদিন শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এককভাবে গ্রহণ করলেও এবার সেই সুযোগ সম্প্রসারিত করেছে দেশটি। এখন থেকে বাংলাদেশিরা আরও তিনটি দেশে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনে এসব ভিসার আবেদন জমা দিতে পারবেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন যুক্ত আবেদন কেন্দ্রগুলো হলো— মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংকক। এতে নয়া দিল্লির বাইরে অবস্থানরত বা সেখানে ভ্রমণ করতে না পারা আবেদনকারীদের জন্য পুরো প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক হবে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা জমাদানের স্থান বৃদ্ধি পাওয়ায় শিক্ষা-উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থী, পারিবারিক পুনর্মিলনের অপেক্ষায় থাকা প্রবাসী পরিবার এবং কাজের কারণে নিকটবর্তী দেশের মাধ্যমে আবেদন করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ উন্মুক্ত হলো।
















