দেশের স্বার্থে সমঝোতা— ডিসেম্বরজুড়ে ‘হ্যাঁ’ প্রচারণা চালাবে দলগুলো; লেভেল প্লেয়িং ফিল্ড ও ফ্যাসিবাদবিরোধী দাবিগুলো বহাল
জাতীয় নির্বাচনের দিনই গণভোট গ্রহণে সম্মত হয়েছে ইসলামী সমমনা আন্দোলনরত ৮ দল। ডিসেম্বরজুড়ে ‘হ্যাঁ’ প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছে তারা, তবে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পূর্বের দাবি বহাল রেখেছে জোট।
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসা ইসলামী সমমনা ৮ দল শেষ পর্যন্ত নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে। সোমবার রাতে লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সমঝোতার কথা জানানো হয়। নেতারা বলেন, দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে ডিসেম্বর মাসজুড়ে দলীয়ভাবে প্রচারণা চলবে। তবে একই দিনে নির্বাচন ও গণভোট গ্রহণে সম্মত হলেও, নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার এবং ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিগুলো বহাল আছে।
সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আট দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দলও আলোচনায় অংশ নেয়।
নেতারা জানান, সরকারি প্রস্তাবে সম্মত হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিবেশ সমতাপূর্ণ করতে এবং বিরোধীদলের কার্যক্রম অবাধ রাখতে তাদের দাবিগুলো বাস্তবায়ন জরুরি।
















