সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশের শহরে দ্রুতগামী আধাসামরিক বাহিনী আরএসএফ (র্যাপিড সাপোর্ট ফোর্সেস) বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালাচ্ছে বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনটি আসে কয়েক ঘণ্টা পর, যখন আরএসএফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আন্তর্জাতিক প্রচেষ্টার জবাবে তিন মাসের একতরফা মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদান বিশৃঙ্খলায় ডুবে আছে, যখন সেনাবাহিনী ও আরএসএফের ক্ষমতার লড়াই রাজধানী খার্তুমসহ দেশজুড়ে সহিংসতায় রূপ নেয়।
অ্যামনেস্টির সর্বশেষ রিপোর্টে এল-ফাশেরের ২৮ জন বেঁচে থাকা মানুষের জবানবন্দি তুলে ধরা হয়েছে, যেখানে নিরস্ত্র পুরুষদের হত্যা, নারীদের ওপর ধর্ষণসহ নানান নৃশংসতার বর্ণনা রয়েছে।
অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, “বেসামরিক মানুষের ওপর পুনরাবৃত্ত, বিস্তৃত এই সহিংসতা যুদ্ধাপরাধের শামিল এবং আন্তর্জাতিক আইনের অধীনে আরও অপরাধ হিসেবে গণ্য হতে পারে। দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।”
২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া দারফুরের যুদ্ধে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সৈন্যদের মুখোমুখি হয়েছে আরএসএফ, যা পরিচালনা করছেন তার সাবেক সহযোগী মোহাম্মদ দাগলো।
অক্টোবরের শেষ দিকে আরএসএফ দারফুরের শেষ বড় শহর এল-ফাশের নিয়ন্ত্রণে নেয়। এরপর জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, শহরটি এখন “অপরাধস্থলে” পরিণত হয়েছে, এবং এসব অপরাধকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, এল-ফাশের থেকে পালানোর সময় ১৪ বছরের মেয়েসহ এক নারীকে আরএসএফ সদস্যরা ধর্ষণ করে। পরে মেয়েটি তাওইলা শহরের এক ক্লিনিকে মারা যায়।
আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শহর ছাড়ার চেষ্টা করার সময় তিনি আরএসএফ সদস্যদের বেসামরিক মানুষকে গুলি করে হত্যা করতে দেখেছেন। তিনি বলেন, “আরএসএফ লোকজনকে মাছির মতো মেরে ফেলছিল। এটি ছিল গণহত্যা। নিহতদের কেউই সশস্ত্র ছিল না।”
এদিকে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে গঠিত কোয়াডের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবকেও রবিবার প্রত্যাখ্যান করেছেন জেনারেল বুরহান। তিনি দাবি করেন, আরএসএফকে সমর্থন দেওয়ার অভিযোগ থাকা আমিরাতের উপস্থিতিতে এসব প্রস্তাব নিরপেক্ষ হতে পারে না।
আমিরাত অবশ্য এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে এবং সোমবার বুরহানের “বাধাসৃষ্টিকারী আচরণ” নিয়ে সমালোচনা করেছে।
















