বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। গুলশান-২ এ নতুন বাসভবন প্রস্তুত, নিরাপত্তা জোরদার। বিজয় দিবসের আগে বা পরে ফেরার সম্ভাবনা নিয়ে দলে আলোচনা চলছে।
বিজয় দিবসকে ঘিরে ফেরার সম্ভাবনার ইঙ্গিত; গুলশান-২ এ প্রস্তুত করা হচ্ছে নতুন বাসভবন, বাড়ানো হচ্ছে নিরাপত্তা
২৪ নভেম্বর ২০২৫ | ঢাকা
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তিনি দেশে এলে কোথায় অবস্থান করবেন এবং কোথায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন, তা প্রায় নির্ধারিত। তার ফেরাকে কেন্দ্র করে দলের বিভিন্ন অঙ্গসংগঠনও প্রস্তুতি নিচ্ছে।
দলীয় নেতারা জানান, কৌশলগত কারণে তার ফেরার নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ করা হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, বিজয় দিবসের সময়কে সামনে রেখেই তার দেশে ফেরার প্রস্তুতি নেওয়া হতে পারে।
গুলশান-২ এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি তার আবাসনের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাড়িটিতে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে, সিসিটিভি স্থাপনসহ সিএসএফ সদস্যদের যুক্ত করা হয়েছে। পাশাপাশি ধানমণ্ডির ‘মাহবুব ভবন’-এ উঠার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একটি কক্ষ তারেক রহমানের জন্য নতুনভাবে সাজানো হচ্ছে। বিএনপি সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা সামনে রেখে দু’টি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতিও ইতোমধ্যে দেওয়া হয়েছে।
দলের নেতারা বলছেন, নির্বাচনে তার নেতৃত্বই হবে প্রধান। যদিও দিনক্ষণ এখনো নির্ধারিত নয়, তবুও নেতৃত্ব দিতেই তিনি খুব শিগগির দেশে ফিরবেন বলে তারা মনে করছেন। তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলেও দলটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।
২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে গমনের পর প্রায় ১৭ বছর ধরে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান। গত আগস্টে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে অব্যাহতি পান তিনি। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহে সরকার সহযোগিতা করবে বলেও জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
















