অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে। তবে সেই সব গুঞ্জনকে যেন একেবারেই পাত্তা না দিয়ে বিদেশের মাটিতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেল এই তারকা দম্পতিকে।
সম্প্রতি নিউইয়র্কে ছুটি কাটানোর সময় অভিষেক ও ঐশ্বর্যের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, দুজনকে সাধারণ পোশাকে শহরের রাস্তায় স্বচ্ছন্দভাবে হাঁটতে। কোথাও আবার এক ভক্তের সঙ্গে হাসিমুখে সেলফিও তুলেছেন তারা।
ছবিতে অভিষেককে দেখা গেছে স্ট্রাইপড টি-শার্ট ও ক্যাপ পরা অবস্থায়। মুখে ছিল ঘন দাড়ি। অন্যদিকে ঐশ্বর্যকে দেখা গেছে কালো পোশাকে, খোলা চুলে। তাদের স্বাভাবিক উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
সম্প্রতি অভিষেক তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ততার ফাঁকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে নিউইয়র্কে গেছেন বলে জানা গেছে।
অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদ নিয়ে মাঝেমধ্যেই নানা খবর ছড়ালেও, নিউইয়র্কের এই ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের অনেকেই বলছেন, এই মুহূর্তের ছবি যেন সব গুঞ্জনের জবাব দিচ্ছে।
















