চীনের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
চীনের শানসি প্রদেশের ছিনইউয়ান কাউন্টির লিউশেনইউ খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং এখনো জীবিতদের খোঁজে তল্লাশি চলছে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কিছুক্ষণ আগে কার্বন মনোক্সাইড সতর্কতা জারি করা হয়েছিল। কয়েকটি সূত্র জানিয়েছে, খনির ভেতরে গ্যাসের মাত্রা নিরাপদ সীমা ছাড়িয়ে গিয়েছিল।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, খনির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিকে আটক করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সারা দেশের কর্তৃপক্ষকে এ দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে কর্মক্ষেত্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে খনির বাইরে বহু অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীকে কাজ করতে দেখা গেছে।
শানসি অঞ্চলটি চীনের প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র। গত বছর সেখানে এক বিলিয়নের বেশি টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা দেশটির মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।
চীন বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদন ও ব্যবহারকারী দেশ। নিরাপত্তার দুর্বল মান, দুর্নীতি ও তদারকির ঘাটতির কারণে দেশটির কয়লাখনিগুলো দীর্ঘদিন ধরেই প্রাণঘাতী দুর্ঘটনার জন্য সমালোচিত।
















