দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ছয়জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
এ সময়ে ঢাকায় হাম শনাক্ত হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭০ শিশু। সব মিলিয়ে দেশে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪১৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এর মধ্যে ৩৯ হাজার ১৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ হাজার ৯৬৮ শিশু।
এ ছাড়া একই সময়ে দেশে ৭ হাজার ৩০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
















