বর্তমানে নারীদের দ্বিনি শিক্ষা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম কওমি ধারার মহিলা মাদরাসাগুলো। দেশের সাধারণ মুসলমানদের বড় একটি অংশই মেয়েদের দ্বিনি শিক্ষা অর্জনে এসব মাদরাসার ওপর নির্ভর করে থাকে।
তবে সাম্প্রতিক কিছু ঘটনা মহিলা মাদরাসাগুলোর সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, প্রশ্নবিদ্ধ করছে তার ব্যবস্থাপনা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলছে, যে মহিলা মাদরাসায় নারীর ইজ্জত-আব্রু নিরাপদ নয়, সেখানে মেয়েদের পড়তে দেওয়ার শরয়ি বিধান কী? যেকোনো পরিস্থিতিতে কি মেয়েদের মাদরাসায় পড়া অপরিহার্য? আজকের লেখায় সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।
ইসলাম নারীকে মান, সম্মান, ইজ্জত ও আব্রু রক্ষা করে চলতে উদ্বুদ্ধ করে। সাধারণ অবস্থা ইসলাম নারীকে ঘরমুখী জীবনযাপনে উৎসাহিত করে। তবে এটা এমন কোনো নিষেধাজ্ঞা নয় যে নারীরা কখনও কোনো অবস্থায়ই ঘর থেকে বের হতে পারবে না। শরিয়তের মূল উদ্দেশ্য হলো ফেতনা থেকে নিজে আত্মরক্ষা করা এবং সমাজকে রক্ষা করা।
ইসলাম নারী ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতির পথে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে চায় না। ইসলামের দৃষ্টিতে পুরুষের জন্য যেমন ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ, তেমনি নারীর জন্যও ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। তবে ঘরে যদি পরিবেশ এমন হয় যে ঘরে বসেই নারী প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে, তবে ঘরে বসেই সে নিজের পিতা, ভাই, স্বামী বা অন্য কোনো মাহরাম পুরুষের কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করবে। কিন্তু যদি ঘরে থেকে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করা না যায় এবং নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে যদি তাদের দ্বিনি শিক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হয়, তবে নিম্নোক্ত শর্তে মেয়েরা মহিলা মাদরাসায় পড়তে পারবে।
শর্তগুলো হচ্ছে-
এক. পরিপূর্ণভাবে পর্দা পালন ও তার গুরুত্ব প্রদান।
দুই. গাইরে মাহরাম পুরুষের সঙ্গে মেশার ভয় না থাকা।
তিন. নারী শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান।
চার. পুরুষ শিক্ষকরা পাঠদানে বাধ্য হলে ছাত্রী ও শিক্ষকদের মধ্যে পর্দা থাকা এবং নির্জনে উভয়ের মেশার সুযোগ না থাকা।
পাঁচ. মাদরাসায় যাওয়া-আসার রাস্তা নিরাপদ হওয়া এবং ফেতনার আশঙ্কা না থাকা।
ছয়. শুধু প্রয়োজনীয় সময়টুকুই মাদরাসায় অবস্থা করা।
সাহাবি হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) নারীদের শিক্ষার জন্য একটি দিন নির্ধারণ করেছিলেন। সেদিন তিনি তাদের উপদেশ দিতেন এবং আদেশ করতেন (শরিয়তের বিধান শেখাতেন)। -সহিহ বোখারি: ১০১
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, নারীরা গোপন জিনিস। সে যখন ঘর থেকে বের হয় তখন শয়তান প্রতারিত করে। -সুনানে তিরমিজি: ১১৭৩
ইমাম সুয়ুতি (রহ.) উল্লিখিত হাদিসের ব্যাখ্যায় বলেন, ‘শয়তান তাকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে যে তারা ফেতনায় পড়ে যায় এবং মানুষকে তার দিকে প্রলুব্ধ করে।’ -হাশিয়াতুস সিন্ধি: ২/১৭৯
ইমাম গাজালি (রহ.) বলেন, (মাহরাম) পুরুষ যদি নারীর শিক্ষাদানে সক্ষম হয়, তবে নারীরা আলেমদের প্রশ্ন করতে বাইরে যাবে না। যদি পুরুষের জ্ঞান কম হয়, কিন্তু সে নারীর পক্ষ থেকে আলেমদের প্রশ্ন করতে সক্ষম হয়, তবু নারীরা ঘর থেকে বের হবে না। পুরুষই আলেমদের কাছ থেকে নারীর প্রশ্নের উত্তর জেনে আসবে। আর যদি পুরুষ প্রশ্নের উত্তর জেনে আসতেও সক্ষম না হয়, তবে নারীর দায়িত্ব হলো নিজে প্রশ্ন করে তা জেনে নেওয়া। এ ক্ষেত্রে পুরুষ তাকে বাধা দিলে গুনাহগার হবে। -ইহইয়াউ উলুমিদ্দিন: ২/৪৮
















