রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে তিনি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন।
বুধবার (৫ নভেম্বর) নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন তার আগের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের পরীক্ষা করলে মস্কোও অনুরুপ পরীক্ষা আবার শুরু করবে।
বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ পুতিনকে জানান, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই এমন পরীক্ষা চালানো সম্ভব।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, অন্য দেশগুলোর পরীক্ষার ঘটনায় তিনি তার দেশের যুদ্ধ বিভাগকে সমানভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে নির্দেশ দিয়েছেন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনও পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালায়নি। বিশ্বে উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যারা ২১ শতকে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে। সর্বশেষ পিয়ংইয়ং পরীক্ষা চালায় ২০১৭ সালে। যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে, চীন ও ফ্রান্স ১৯৯৬ সালে পারমাণবিক পরীক্ষা চালায়।
রিপোর্ট : আ. সা. / সা. সি
















