মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০০টি ঘরবাড়ি পুড়ে যাওয়ায় শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। উপকূলীয় একটি গ্রামে সংঘটিত এ ঘটনায় অন্তত ৪৪৫ জন বাস্তুচ্যুত হয়েছেন।
রবিবার ভোরে সান্দাকান জেলায় আগুন লাগার খবর পায় কর্তৃপক্ষ। দমকল কর্মকর্তারা জানান, প্রবল বাতাস ও ঘরবাড়ির ঘনবসতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ভাটার কারণে পানি সংগ্রহে সমস্যার সৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়।
ক্ষতিগ্রস্ত এলাকাটি পানির ওপর নির্মিত গ্রাম, যেখানে খুঁটির ওপর কাঠের ঘরে বসবাস করে দরিদ্র জনগোষ্ঠী, যাদের মধ্যে অনেকেই আদিবাসী ও রাষ্ট্রবিহীন মানুষ।
ক্ষতিগ্রস্তদের একটি অস্থায়ী ত্রাণকেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এখন সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
















