সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তি বন্ধের ১১তম আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (MFC)-এর ১৩টি সদস্য দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে।
রবিবার (২ নভেম্বর) প্রকাশিত এই বিবৃতিতে, দেশগুলো সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসানের জন্য জোরালো আহ্বান জানায়। একইসাথে, গণমাধ্যম খাতের সংস্কারে বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিশ্রুতি এবং ‘মিডিয়া রিফর্ম কমিশন’-এর সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছে।
বিবৃতিতে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে এবং জবাবদিহিতা সমুন্নত রাখতে সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এই কূটনৈতিক নেটওয়ার্ক গণমাধ্যমে লিঙ্গ সমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করে। বিশেষ করে, নারী সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে অনলাইন সহিংসতার ক্রমবর্ধমান হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং এই ধরনের বৈষম্য ও সহিংসতা সৃষ্টিকারী বাধাগুলো ভেঙে ফেলার ওপর জোর দেওয়া হয়।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বৈশ্বিক লক্ষ্য নিয়ে ২০১৯ সালে ‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’ প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান সদস্য সংখ্যা ৫০টিরও বেশি। রবিবারের এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৩টি দেশের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য অন্যতম।
তবে উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্র এই কোয়ালিশনের সদস্য হলেও নির্দিষ্ট এই বিবৃতিতে তারা সই করেনি।
















