চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সকালে ভারত থেকে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়। পরে বিজিবির রোকনপুর বিওপির টহল দল তাদের ওই সীমান্তের জোড়া ব্রিজ এলাকা থেকে আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোছা. মাসুরা (৪৮) ও অন্যজন কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের মালু মিয়ার মেয়ে লাকি আক্তার। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) নুরে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে মুম্বাই শহরে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
















