গণপ্রজাতন্ত্রী কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইতুরি প্রদেশের মামবাসা এলাকার বাফওয়াকোয়া গ্রামে এই হামলা চালানো হয়। হামলায় ৪৪টি ঘরবাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ এই হামলার জন্য অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস নামের একটি বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে। উগান্ডাভিত্তিক এই গোষ্ঠীটি আইএসআইএলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও তল্লাশি অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অনেককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, আবার কেউ ঘরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা গেছেন। অন্তত দুজনকে অপহরণ করা হয়েছে।
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরেই সহিংসতা চলছে। সেনাবাহিনী একাধিক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে, যার মধ্যে সবচেয়ে সক্রিয় একটি গোষ্ঠী হলো এম২৩।
২০২১ সাল থেকে কঙ্গো ও উগান্ডার যৌথ সামরিক অভিযান চললেও অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেসকে পুরোপুরি দমন করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ইতুরি ও নর্থ কিভু অঞ্চলে এই গোষ্ঠীর হামলা বেড়েছে। গত বছরও তারা একই ধরনের হামলায় বহু মানুষ হত্যা ও অপহরণ করেছিল।
বিশ্লেষকদের মতে, বিদ্রোহীরা সরাসরি সেনাবাহিনীর সঙ্গে লড়াই এড়িয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
















