বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের অংশ হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটির একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
ওরাকলের এক জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাইকেল শেফার্ড জানান, প্রকৌশলী, স্থপতি, অপারেশনস প্রধান, প্রোগ্রাম ম্যানেজারসহ বিভিন্ন প্রযুক্তি সংশ্লিষ্ট পদে কর্মরত অনেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, এই ছাঁটাই কর্মীদের কর্মদক্ষতার সঙ্গে সম্পর্কিত নয়।
প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী প্রায় ১০ হাজার কর্মী ইতোমধ্যে চাকরি হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন কর্মী জানিয়েছেন, ভোরবেলা ইমেইলের মাধ্যমে তাদের চাকরি শেষ হওয়ার খবর জানানো হয়েছে এবং এক মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে।
ওরাকল দীর্ঘদিন ধরেই নিজস্ব কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আগেই বলেছেন, এআই ব্যবহারের ফলে কম সংখ্যক কর্মী দিয়েই বেশি কাজ করা সম্ভব হচ্ছে।
প্রযুক্তি খাতের অন্যান্য প্রতিষ্ঠানও একই পথে হাঁটছে। মেটা ও ব্লকের মতো কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও এআই ব্যবহারের কারণে কর্মী কমানোর কথা বলেছেন।
এদিকে ওরাকল এআই অবকাঠামো গড়ে তুলতে ব্যাপক বিনিয়োগ করছে। চলতি বছরে প্রতিষ্ঠানটি অন্তত ৫০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে এবং অতিরিক্ত চাহিদা মেটাতে আরও ৫০ বিলিয়ন ডলার ঋণ সংগ্রহ করেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রে বৃহৎ ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে ৫০০ বিলিয়ন ডলারের স্টারগেট উদ্যোগেও অংশ নিয়েছে ওরাকল, যেখানে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে।
বিশ্লেষকদের মতে, এআই খাতে দ্রুত অগ্রগতির ফলে প্রযুক্তি শিল্পে কর্মসংস্থানের ধরণ বদলে যাচ্ছে, যার প্রভাব ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।
















