দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন জুভেন্টাসের কোচ ইগর তুদোর। ইতালির ক্লাবটি শেষ আট ম্যাচে কোনো জয় না পাওয়ায় তুদোরকে ছাঁটাই করেছে। সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে জুভেন্টাস এই ক্রোয়েট কোচকে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে। ৪৩ বছর বয়সী তুদোর চলতি বছরের মার্চ মাসে জুভেন্টাসের দায়িত্ব নিয়েছিলেন।

২০০৬-০৭ মৌসুমে দিদিয়ের দেশমের পর তিনিই ছিলেন জুভেন্টাসের প্রথম বিদেশি কোচ। তার কোচিংয়ে জুভেন্টাস গত মৌসুমে সিরি আ-তে চার নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করেছিল।
তবে, চলতি মৌসুমের শুরুটা ভালো করলেও প্রথম তিন ম্যাচে জয়ের পর দলটি পথ হারায়। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। এই সময়ের মধ্যে তারা পাঁচটি ড্র করে এবং শেষ তিনটি ম্যাচেই হেরে যায়।
ইগর তুদোরের জায়গায় জুভেন্টাস অন্তর্বর্তী কোচ হিসেবে মাসিমো ব্রাম্বিলাকে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমানে জুভেন্টাসের একাডেমী দল জুভেন্টাস নেক্সট জেনের দায়িত্বে আছেন।
বর্তমানে সিরি আ-তে জুভেন্টাস আট ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে নেমে গেছে, যা শীর্ষে থাকা নাপোলির চেয়ে ৬ পয়েন্ট কম। চ্যাম্পিয়ন্স লিগেও তারা মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার ২৫ নম্বরে রয়েছে।
















