স্টাইলিশ ও টিপটপ লুক পেতে নজর দিন ছোটখাটো খুঁটিনাটিতে
আধুনিক ফ্যাশন এখন শুধু নারীদের একচেটিয়া নয়; সঠিক পোশাক নির্বাচন, ফিটিংস এবং ব্যক্তিগত গ্রুমিংয়ের মাধ্যমে যেকোনো পুরুষ হয়ে উঠতে পারেন আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী।
ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম হলো ফ্যাশন। বর্তমান সময়ে পুরুষরাও নিজেদের লুক নিয়ে বেশ সচেতন। তবে অনেক সময় সঠিক জ্ঞানের অভাবে পোশাক নির্বাচনে ভুল হয়ে যায়, যা পুরো স্টাইলকেই নষ্ট করে দেয়।
আপনি যদি নিজেকে সবার মাঝে অনন্য করে তুলতে চান, তবে কেবল দামি পোশাক পরলেই হবে না, নজর দিতে হবে কিছু বিশেষ দিকে। নিচে পুরুষদের জন্য প্রয়োজনীয় কিছু ফ্যাশন টিপস তুলে ধরা হলো:
সঠিক ফিটিংস ও সামঞ্জস্যতা পোশাকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারফেক্ট ফিটিংস। অতিরিক্ত ঢিলেঢালা বা খুব বেশি টাইট পোশাক আপনার ব্যক্তিত্বকে ম্লান করে দেয়। তাই শার্ট বা প্যান্ট কেনার সময় ফিটিংসের দিকে কড়া নজর রাখুন।
প্রয়োজনে দর্জির কাছ থেকে নিজের মাপ অনুযায়ী পোশাকটি ঠিক করে নিন। এছাড়া প্রিন্টেড বা প্যাটার্ন শার্ট পরার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন; অতিরিক্ত হিজিবিজি প্যাটার্ন এড়িয়ে চলাই ভালো।
এক্সেসরিজ ও ব্যক্তিগত যত্ন ফ্যাশনেবল দেখানোর একটি গোপন টিপস হলো জুতো ও বেল্টের রঙের মিল রাখা। কালার ম্যাচিং ঠিক থাকলে আপনার লুক অনেক বেশি মার্জিত দেখায়।
পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও চকচকে জুতো পরার অভ্যাস করুন, কারণ নোংরা জুতো আপনার প্রথম ইম্প্রেশন নষ্ট করতে পারে। পোশাকের সাথে সাথে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, ত্বকের যত্ন এবং সুন্দরভাবে ছাঁটা দাঁড়ি আপনার লুকে এনে দেবে পেশাদারিত্ব ওভিজাত্য। মনে রাখবেন, অনুষ্ঠান বুঝে সঠিক পোশাক নির্বাচন করা এবং আত্মবিশ্বাসের সাথে তা বহন করাই হলো আসল ফ্যাশন।
















