ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আর্থিক দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আদালতের রায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পর কারাগারে পাঠানো হয়। ফরাসি ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার জন্য লিবিয়া থেকে অবৈধ অর্থ সংগ্রহের অভিযোগে সারকোজির এই দণ্ড দেওয়া হয়। আদালত রায়ে উল্লেখ করে, তার দল সাবেক লিবিয়ান নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো অর্থ নিয়েছিল। চলতি মাসের শুরুতে আদালত পাঁচ বছরের সাজা ঘোষণা করে এবং এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিকোলাস সারকোজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁর পর তিনিই প্রথম ফরাসি সাবেক প্রেসিডেন্ট যিনি কারাদণ্ড ভোগ করছেন।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সারকোজি অস্বীকার করেছেন। কারাগারে যাওয়ার আগে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে নিজেকে নির্দোষ দাবি করেন।
তাকে রাজধানী প্যারিসের লা সতেঁ কারাগারে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তাকে একটি একক সেলে বন্দি করা হয়েছে, যেখানে একটি টয়লেট, গোসলখানা, ছোট একটি টেবিল এবং টেলিভিশনের ব্যবস্থা রয়েছে।
















