চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে প্রায় ২১ হাজার কোটি টাকা (১৭১ কোটি মার্কিন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই সময়ে দৈনিক গড়ে ৯ কোটি ডলার বা এক হাজার ১০৩ কোটি টাকা রেমিট্যান্স দেশে এসেছে। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অক্টোবরের প্রথম ১৯ দিনে দেশে আসা ১৭১ কোটি ডলারের রেমিট্যান্স গত বছরের একই সময়ের ১৫৩ কোটি ৯০ লাখ ডলারের চেয়ে বেশি। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া, গত ১৯ অক্টোবর একদিনেই প্রবাসীরা ১৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বলেও তিনি জানান। চলতি অর্থবছরের (জুলাই-অক্টোবর ১৯) এই সময় পর্যন্ত দেশে মোট ৯২৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা বছর ব্যবধানে ১৫ শতাংশ বেশি।
এর আগে, গত সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
















