ভোট পাহারায় ২৪ ঘণ্টা সতর্ক থাকার আহ্বান বিএনপি প্রার্থীর
ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন। ভোট পাহারায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন। কেন্দ্রভিত্তিকভাবে ভোট পাহারা নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার দিনগত রাতে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী এলাকায় আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দিতে হবে এবং ১২ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাইকে কেন্দ্রে অবস্থান করতে হবে। রেজাল্ট শিট হাতে নিয়েই কেন্দ্র ত্যাগ করার নির্দেশনাও দেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রের ভোট সেই এলাকার মানুষকেই পাহারা দিতে হবে এবং এক কেন্দ্রের মানুষ অন্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। দীর্ঘ ১৮ বছরের সংগ্রাম ও নির্যাতনের পর জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীকের একটি ভোটও যেন নষ্ট না হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। ভোটের মাধ্যমেই দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের প্রতিহত করতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সালথা ও নগরকান্দা উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















