সম্পর্ক ভেঙে যাওয়ার পর সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি হলো প্রিয় মানুষটিকে হারানোর বাস্তবতা মেনে নেওয়া। তবে অনেকের জন্য আরও জটিল হয়ে ওঠে বিচ্ছেদের পর প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, এটি অসম্ভব নয়, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভেবে দেখা জরুরি।
আধুনিক সম্পর্ক ও ডেটিং নিয়ে লেখা লেখক অলিভিয়া পেটার মনে করেন, খুব অল্প মানুষই প্রাক্তনের সঙ্গে প্রকৃত অর্থে বন্ধুত্ব ধরে রাখতে পারেন। তাঁর অভিজ্ঞতায়, সংক্ষিপ্ত বা হালকা সম্পর্ক থেকে বন্ধুত্বে রূপ নেওয়া তুলনামূলক সহজ হলেও দীর্ঘ ও গভীর সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি কঠিন হয়ে পড়ে।
কতটা গভীর ছিল সম্পর্ক
বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক যত কম জটিল ও স্বল্পমেয়াদি হয়, বিচ্ছেদের পর বন্ধুত্বে রূপ নেওয়ার সম্ভাবনা তত বেশি। তবে কখনো কখনো অল্প সময়ের সম্পর্কও তীব্র আবেগ তৈরি করতে পারে। তাই সম্পর্ক কতদিনের ছিল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কীভাবে এবং কার সিদ্ধান্তে তা শেষ হয়েছে।
আপনি কি সত্যিই এগিয়ে গেছেন
প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বের সবচেয়ে বড় শর্ত হলো আবেগগতভাবে সম্পর্কটি শেষ করতে পারা। শুধু বাস্তব জীবনে আলাদা হওয়া নয়, মনের দিক থেকেও সম্পর্কের সমাপ্তি মেনে নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি কেউ গোপনে আবার সম্পর্ক জোড়া লাগার আশা রাখেন বা প্রাক্তনের ব্যক্তিগত জীবন নজরে রাখতে চান, তাহলে সেটিকে বন্ধুত্ব বলা যায় না।
কতটা সময় পেরিয়েছে
বিচ্ছেদের পরপরই বন্ধু হয়ে যাওয়া অনেক সময় বাস্তবসম্মত নয়। কিছুটা দূরত্ব ও সময় প্রয়োজন, যাতে দুজনই নতুন বাস্তবতা বুঝে নিতে পারেন। কেউ কেউ ব্যতিক্রমী পরিস্থিতিতে খুব অল্প সময়ের মধ্যেই আবার ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হলেও, সেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
নতুন সম্পর্কে সমস্যা হবে কি না
প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব থাকলে নতুন সম্পর্কে তা কী প্রভাব ফেলবে, সে বিষয়েও স্পষ্ট আলোচনা জরুরি। নতুন সঙ্গী যদি অস্বস্তি বোধ করেন, তাহলে সেটিকে অবহেলা না করে গুরুত্ব দেওয়া উচিত। প্রয়োজনে যোগাযোগের ধরন বদলানো, কম দেখা করা বা দলগতভাবে সময় কাটানোর মতো সমাধান খোঁজা যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, কিছু পরিস্থিতিতে প্রাক্তনের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করাই সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর সিদ্ধান্ত। যদি সম্পর্কটি নির্যাতনমূলক হয়ে থাকে, বিশ্বাস ভেঙে যায় বা এক পক্ষ এখনও আবেগগতভাবে জড়িয়ে থাকে, তাহলে দূরে থাকাই ভালো।
সব মিলিয়ে, প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তবে নিজের মানসিক সুস্থতা ও বর্তমান সম্পর্কের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কভাবে পরিস্থিতি মূল্যায়নের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
















