ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যান চলাচলে সময়ভিত্তিক নিষেধাজ্ঞা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে যানবাহন চলাচলে সময়ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
তবে সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।
এ–সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বরাবর চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ইসির উপসচিব মনির হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এ ছাড়া বিমানযাত্রার টিকিট বা অনুরূপ প্রমাণ দেখাতে পারলে বিমানবন্দরে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী যান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।
নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীদের মোটরসাইকেল, টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা বিবেচনায় বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন এবং জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তজেলা গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
















