প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ড্রোন উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য
বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয়ভাবে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন উৎপাদন ও সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দেশেই ড্রোন উৎপাদন ও সংযোজনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে চীনের China Electronics Technology Group Corporation International–এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কাঠামোর আওতায় এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তির আওতায় বাংলাদেশে একটি আধুনিক মনুষ্যবিহীন আকাশযান উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন করা হবে। প্রকল্পটিতে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
আইএসপিআর জানায়, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদনে স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে। উৎপাদিত ড্রোন সামরিক ব্যবহারের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তির ফলে বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ অ্যারোস্পেস কর্মশক্তি গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখবে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
















