প্রায় দুই যুগ পর ফেনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রস্তুত বৃহত্তর নোয়াখালী অঞ্চল
প্রায় দুই দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রোববার বিকেলে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রোববার, ২৫ জানুয়ারি ২০২৬
প্রায় দুই যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নানার বাড়ি ফেনীতে আসছেন। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র পৈতৃক ভিটা হিসেবে পরিচিত ফেনীতে তাকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।
ফেনীসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে জনসভায় অংশ নিতে রওনা হয়েছেন। সকাল থেকেই নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাসসহ নানা পরিবহনে করে নেতাকর্মীরা ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেন।
আয়োজকরা জানিয়েছেন, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ পর আমাদের নেতা তারেক রহমান ফেনীতে আসছেন। এটি শুধু একটি জনসভা নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই সমাবেশ আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবের রহমান শামীম জানান, আগামী ২৬ জানুয়ারি সোমবার নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দ্বীপ কলেজ মাঠে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। ওই জনসভায় তারেক রহমান ভার্চুয়ালি হাতিয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেন, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা বিশ্বাস করি, এই জনসভা আন্দোলন-সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।
















