পটুয়াখালী-২ আসনে নির্বাচনী সমাবেশে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তীব্র অভিযোগ
সংসদকে আবারও চোর ও টেন্ডারবাজদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
পটুয়াখালী-২ আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ৪৫ জন চোরকে আবারও সংসদে ঢুকানোর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, অতীতেও সংসদে গিয়ে অনেকেই জনগণের স্বার্থ রক্ষা না করে নিজেরা চোর ও টেন্ডারবাজে পরিণত হয়েছিল। লাইসেন্স নিজের নামে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছিল। এবারও সেই একই চক্রকে সংসদে পাঠানোর চেষ্টা চলছে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, তরুণ প্রজন্মের রক্ত ও আত্মত্যাগের ওপর ভর করে শাসকগোষ্ঠী বারবার ক্ষমতায় টিকে থাকার সুবিধা নিয়েছে। কিন্তু এবার তরুণদের দমন করতে কোনো বাহ্যিক হুমকি কাজে আসবে না। তিনি দাবি করেন, ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে—সে পরিবেশ তৈরি করা হবে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভাই-বোনেরা যেন ভোটাধিকার প্রয়োগে দৃঢ় থাকেন। যারা ভয় দেখাতে আসবে, তারা নিজেরাই ভীত—এমন মন্তব্যও করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামিম সাঈদী, ডক্টর শফিকুল ইসলাম মাসুদসহ জোটভুক্ত দলের অন্যান্য নেতারা।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইসহাক মিয়া।
















